ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর সাকিনের চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকায় একটি টং ঘরে অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ (হাটহাজারী সার্কেল) ও ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খানের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ মো. ইয়াছিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা কয়েকজন ব্যক্তি কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারি, একটি স্টিলের হাতলযুক্ত রামদা, একটি কাঠের বাটযুক্ত রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধারালো ধামা, একটি ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড। সব মিলিয়ে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ‘টেস্টার মোবারক’ চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের অন্যতম সহযোগী। তিনি সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





