ফটিকছড়ি প্রতিনিধি: সদ্য ঘোষিত চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উত্তর ফটিকছড়ির ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। একই সঙ্গে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ ও হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুরে না রেখে নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপন করতে হবে। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবার দিক থেকে জুজখোলা মৌজাই উত্তর উপজেলার সদর দপ্তরের জন্য সবচেয়ে যৌক্তিক স্থান।
শিক্ষার্থীরা আরও বলেন, জনগণের মতামত ও বাস্তবতা উপেক্ষা করে সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, উত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





