চাটগাঁ নিউজ ডেস্ক: প্রস্তুতি প্রায় শেষ। আর কিছুক্ষণ পরেই চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফর ঘিরে নগরীর দুই ভেন্যুসহ তাঁর চলাচলের পথে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর কোতোয়ালী থানার জে এম সেন হল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সিএমপি কমিশনার।
হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, জে এম সেন হলসহ দুটি ভেন্যুতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রটোকল অনুযায়ী নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া চলাচলের পথসহ নগরীর অধিকাংশ এলাকা নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তার দিক থেকে কোনো ঘাটতি থাকবে না এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হবে।
সিএমপি কমিশনার আরো বলেন, বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও থাকবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






