নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

চাটগাঁ নিউজ ডেস্ক: নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও প্রয়োজনীয় নিত্যসামগ্রী হারিয়েছে। দুর্গত মানুষের অনেকেই বর্তমানে খাদ্য, নিরাপদ পানি ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে রয়েছেন। অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটছে অসংখ্য পরিবারের।

এমন সংকটময় পরিস্থিতিতে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। বাংলাদেশ, তুরস্ক, মরক্কো, গাজা ও আফগানিস্তানের পর এবার নেপালেও দুর্যোগকবলিত মানুষের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সংস্থাটি।

নেপালের নোয়াকুটের দেবীঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গত ১১ সেপ্টেম্বর থেকে মেহমানখানার কার্যক্রম শুরু হয়েছে। নেপালে নিবন্ধিত এনজিও ASH Sanstha Nepal-এর ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রমে প্রতিদিন অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন প্রায় ২০০ মানুষের মাঝে খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে।

এছাড়া বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। এসব পরিবারের পাশে দাঁড়াতে ৫০টি পরিবারের মধ্যে নতুন তাঁবুর পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সমন্বয়ে বিশেষ ‘ভালোবাসার উপহার প্যাকেজ’ বিতরণ করা হয়েছে।

উপহার প্যাকেজে রয়েছে নতুন খাট, তোষক, কম্বল, বেডশিট, বালিশ, প্রেসার কুকার, রান্নার কড়াই, স্টিলের প্লেট ও গ্লাস, ছুরি, চপিং বোর্ড, ওয়াটার ডিসপেনসার, স্যানিটারি প্যাড, টুথপেস্ট, টি-শার্টসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্বের যেকোনো প্রান্তের অসহায়, নির্যাতিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে মানবিক ভালোবাসা নিয়ে দাঁড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মানবিক সহায়তার এ উদ্যোগের মাধ্যমে বন্যাকবলিত নেপালের ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top