নাইক্ষ্যংছড়িতে মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত ৬ শ্রমিক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অপহৃত ছয় রোহিঙ্গা শ্রমিককে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তাদের শারীরিক নির্যাতন করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করার পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায় মোহাম্মদ কায়সারের মালিকানাধীন একটি রাবার বাগানে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা ঢুকে সেখানে কর্মরত ছয় রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন শনিবার সকালে বাগানের ম্যানেজার রহমত করিম কর্মস্থলে গিয়ে শ্রমিকদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি রাবার বাগানের মালিকের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়।

সোমবার (৬ জুলাই) কক্সবাজারের ঈদগড় উপজেলার ৫ নম্বর ওয়ার্ড থেকে অপহৃত ছয় শ্রমিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, অপহরণকারীরা তাদের মারধর ও শারীরিক নির্যাতন করে। পরে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া শ্রমিকদের শরীরে নির্যাতনের দৃশ্যমান চিহ্ন রয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন— মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট সিং), ব্লক-বি/১-এর বাসিন্দা।

কাগজীখোলা পুলিশ ফাঁড়ির এসআই মামুন উদ্ধার হওয়া শ্রমিকদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগড়ে যান।

রাবার বাগানের ম্যানেজার রহমত করিম বলেন, ঘটনার রাতে শ্রমিকরা ঈদগড় বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাগানে ফিরে আসে। পরদিন সকালে গিয়ে দেখি, তাদের ব্যবহৃত মালামাল পড়ে আছে, কিন্তু কোনো শ্রমিক নেই। পরে জানতে পারি, তারা অপহরণের শিকার হয়েছেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান বলেন, অপহৃত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায় ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় প্রায়ই সশস্ত্র দুর্বৃত্তদের তৎপরতার অভিযোগ পাওয়া যায়। তারা এ ধরনের অপহরণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top