দাবি আদায়ে অনড় চমেকের ইন্টার্ন চিকিৎসকরা, কর্মবিরতি অব্যাহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। তাদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও।

সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

আন্দোলনরত চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে ২০২৬ তারিখের এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপ দিয়ে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এর আগে গত ৩ জুন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ছয় দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। দাবি আদায়ে অগ্রগতি না হওয়ায় ৪ ও ৬ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

পরবর্তীতে দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখায় ৭ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অন্যথায় দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top