তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ফের ১ লাখ জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: বারবার জরিমানা করেও যেন থামানো যাচ্ছে না অনিয়ম। আগেও তিন দফা জরিমানার মুখে পড়েছিল চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার চেরাগি রেস্তোরাঁ। কিন্তু এরপরও রান্নাঘরের পরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় দেখা যায়নি কাঙ্ক্ষিত পরিবর্তন।

সর্বশেষ অভিযানে আবারও রেস্তোরাঁটির রান্নাঘরে মিলেছে অপরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তার নানা গুরুতর অনিয়ম।

সোমবার (২৪ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চেরাগি রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, রান্নাঘরজুড়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। খোলা অবস্থায় রাখা হয়েছে লবণ ও অন্যান্য উপকরণ। মানহীন উপাদান ব্যবহার করে খাবার প্রস্তুতের পাশাপাশি রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতিও দেখতে পান অভিযানে থাকা কর্মকর্তারা।

এসব অনিয়মের কারণে রেস্তোরাঁটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, এর আগেও চেরাগি রেস্তোরাঁর মালিককে তিনবার জরিমানা করা হয়েছিল। কিন্তু জরিমানার পরও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আসেনি। চরম অবহেলার কারণে রান্নাঘরে নোংরা-আবর্জনা জমে থাকার পাশাপাশি খাদ্য প্রস্তুতের পরিবেশও অনিরাপদ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশে কোনোভাবেই মানুষের খাবার রান্না করা উচিত নয়। রেস্তোরাঁর মালিককে মুচলেকা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশ ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নতি না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top