আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
রোববার স্থানীয় সময় রাতে গাজিয়ান্তেপ-ওসমানিয়ে মহাসড়কের গ্রামীণ এলাকায় আকারোবার কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি চিকিৎসা দল, আধাসামরিক পুলিশ, দমকল বাহিনী ও তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজিয়ান্তেপের ডেপুটি গভর্নর ইলকার একার জানান, গাড়িচালকের ভুলভাবে ওভারটেক করার চেষ্টার সময় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে একজন ডেপুটি চিফ প্রসিকিউটর ও দুজন প্রসিকিউটরকে তদন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট দিয়ারবাকিরে একটি মিনিবাস উল্টে সাতজন নিহত ও নয়জন আহত হন। ওই ঘটনার এক মাসের কিছু বেশি সময়ের মধ্যেই তুরস্কে নতুন করে এ প্রাণহানির ঘটনা ঘটল।
চাটগাঁ নিউজ/জেএইচ






