চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের লক্ষ্যে গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন এর উদ্যোগে উক্ত তিন শহরে চালু করা হবে এই সার্ভিস। যেখানে এসব বাসের কর্মী থাকবে নারীরা।
আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ বাস সেবার উদ্বোধন করা হবে। আজ সোমবার (১৭ আগস্ট) বিআরটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা বলেন, ওই ১৪টি বাস ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার পৃথক ১৩টি রুটে চলাচল করবে। শতাধিক স্থানে তাদের কাউন্টার স্থাপন করা হয়েছে। টিকিট কেটে যাতায়াত করতে পারবেন নারী যাত্রীরা।
চাটগাঁ নিউজ/জেএইচ





