চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকবরশাহ এলাকায় জুয়া ও মাদকের আসর বসানোর জন্য তৈরি করা নতুন একটি ঘর গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে ঘরটি উচ্ছেদ করা হয়।
জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে নগরের ৯ নম্বর ওয়ার্ডের আকবরশাহ এলাকার পাহাড়ের পাদদেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুয়া ও মাদকের আসর বসানো হয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের জন্য সেখানে একাধিক ঘরও নির্মাণ করা হয়। বিভিন্ন সময় অভিযান চালিয়ে ঘরগুলো উচ্ছেদ করা হলেও পরে আবারও নতুন করে ঘর নির্মাণ করে জুয়ার আসর বসানোর চেষ্টা করা হচ্ছিল।
গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জুয়ার ঘর ভেঙে দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।
এর আগে ২ সেপ্টেম্বর ইপিজেড থানার এসআই আবু বকরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযানের পরও জুয়াড়িরা ফের আসর বসানোর চেষ্টা করে। এমনকি পুলিশ যাতে সহজে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য জুয়ার ঘরে যাওয়ার পথে দুটি স্থানে বাঁশ দিয়ে প্রাচীর নির্মাণসহ বিভিন্ন কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বারবার অভিযান চালিয়েও জুয়া ও মাদকের আসর পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এতে আবাসিক এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কাছে বিষয়টি জানানো হলে মেয়রের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে সোমবার আবারও অভিযান পরিচালনা করা হয়। ইপিজেড থানা পুলিশের সহায়তায় জুয়া ও মাদকের আসরের জন্য তৈরি ঘরটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





