জাহাজে মিসাইল হামলা, নিরাপদে বাংলাদেশি প্রকৌশলী আমানুল্লাহ

আহমেদ হোসেন : ওমান উপকূলে মিসাইল হামলার শিকার হওয়া জাহাজের প্রধান প্রকৌশলী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আমানুল্লাহ নিরাপদে আছেন। ২৪ সেপ্টেম্বর সকালে অডিও বার্তার মাধ্যমে ছেলে সাকিব আমানকে নিজের নিরাপদ থাকার কথা জানান তিনি।

বর্তমানে তিনি ওমান নেভির তত্ত্বাবধানে রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে ‘এমভি কেবদাউ’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ওমান উপকূলে হামলার শিকার হয়। ওই জাহাজে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ আমানুল্লাহ।

হামলার পর বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ছেলে সাকিব আমানের কাছে বাবার একটি অডিও বার্তা পৌঁছায়। তখন অসুস্থ ভাইকে নিয়ে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের বাসা থেকে হাসপাতালে যাচ্ছিলেন সাকিব। বাবার জাহাজে মিসাইল হামলার খবর শুনে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সাকিব আমান জানান, বাবার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটির পেছনের দিকে ইঞ্জিন ও আবাসন এলাকার কাছে পরপর দুটি আঘাত লাগে। এতে তার বাবার কেবিনও ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলার সময় মোহাম্মদ আমানুল্লাহ কেবিনে ছিলেন না; তিনি নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে তিনি প্রাণে বেঁচে যান।

সাকিব আরও জানান, ২৪ সেপ্টেম্বর সকালে অডিও বার্তায় তার বাবা নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি ওমান নেভির তত্ত্বাবধানে রয়েছেন।

এদিকে, ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, হামলায় নিহত নাবিক ভারতীয় নাগরিক। জাহাজটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

বাবার বিষয়ে দ্রুত যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় কর্মরত বাংলাদেশি মেরিনাররা এমন পরিস্থিতিতে পড়লে দ্রুত সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top