চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পর্যায়ে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ে একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠন করতে হবে।
কমিটিকে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবগতির জন্য চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সম্প্রতি চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থা নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উপাচার্য ভবনে অবরুদ্ধ অবস্থায় থাকার ঘটনাও ঘটে। পরে প্রশাসনের সহায়তায় তাঁকে সেখান থেকে বের করে নেওয়া হয়।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা, চলমান সংকটের কারণ চিহ্নিত করা এবং সমাধানের পথ খুঁজতেই শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগ।
চাটগাঁ নিউজ/এসএ






