চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ। তিনি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এব) সাবেক সেক্রেটারি ও ফটিকছড়ির সন্তান।
গত ২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শর্তসাপেক্ষে তাকে চট্টগ্রাম ওয়াসার ডিএমডি (ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে।
প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং মাস্টারস অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। পেশাজীবনে তার রয়েছে ২২ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রকৌশল, ব্যবস্থাপনা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন।
প্রকৌশলীদের পেশাগত ও সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ছিলেন আতিকুজ্জামান বিল্লাহ। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এবি) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রকৌশলী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেছেন।
আতিকুজ্জামান বিল্লাহ ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রখ্যাত ভাষাবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ এনামুল হকের বংশোদ্ভূত। নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলেও তার পরিচিতি রয়েছে।
চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ এ পদে তার নিয়োগের খবরে ফটিকছড়ির বিভিন্ন মহল ও প্রকৌশলী সমাজের অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা কাজে লাগিয়ে তিনি চট্টগ্রাম ওয়াসার প্রকৌশল ও পানি সরবরাহ-সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান জনসংখ্যার পানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রকৌশলগত কার্যক্রম পরিচালনায় ওয়াসার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে নতুন দায়িত্বে প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমে কাজে আসবে বলে আশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
চাটগাঁ নিউজ/এসএ






