চট্টগ্রামে কিশোর গ্যাং-ছিনতাইকারীসহ ৪৫৮ জন গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১০১ জনকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন। মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৩৮ জন।

এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট গ্রেফতার হয়েছেন ৭৮ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ৩৩টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে চার হাজার ৫৭৬ ইয়াবা, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুজন, চাঁদপুরে তিনজন, নোয়াখালীতে দুজন, লক্ষ্মীপুরে একজন ও খাগড়াছড়িতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০১ জনের মধ্যে ৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ২১ জন, কক্সবাজারে ২৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ জন, চাঁদপুরে একজন, নোয়াখালীতে ১৪ জন, লক্ষ্মীপুরে সাতজন ও খাগড়াছড়িতে ২৩ জনকে আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top