চাটগাঁ নিউজ ডেস্ক: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামে একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই থেকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেটি সাগরে ভাসতে থাকে। টানা দুই দিন ভাসমান অবস্থায় থাকার পর বুধবার সকাল ১০টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে বোটের একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। এছাড়া বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





