কালুরঘাট শিল্প এলাকায় দেড়শোর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকায় অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে দোকানসহ বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।

অভিযানে সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top