কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।
তিনি জানান, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় লেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা নৌকা ও জালগুলো বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। কাপ্তাই লেকে অবৈধ মৎস্য আহরণ রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





