কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের একটি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সে জমা টাকা ও সরকারি ঔষধ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ক্লিনিক খুলতে গিয়ে এ ঘটনা দেখতে পান সংশ্লিষ্ট কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খোদেজা আক্তার।
জানা গেছে, কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিল্প এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে এ চুরির ঘটনা ঘটে।
খোদেজা আক্তার জানান, সকাল ৯টা ৪০ মিনিটে ক্লিনিক খুলতে গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখেন, রোগীদের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়ে দানবাক্সে জমা রাখা টাকা এবং কিছু সরকারি ঔষধ চুরি হয়েছে। চোরেরা ক্লিনিকের প্রায় তিনটি তালা ভেঙেছে।
ঘটনাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, কাপ্তাই উপজেলার শিল্প এলাকা, সুইডিশ এলাকা, জাকির হোসেনের করাতকল, নতুন বাজার ও জেটিঘাটসহ বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ






