উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাম্পারচালক আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার হলদিয়াপালং বনবিটের পশ্চিম হলদিয়াপালং এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল পশ্চিম হলদিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাটিভর্তি ডাম্পার গাড়িটি জব্দ করা হয়।
এ সময় পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার আমির হোসেনের ছেলে ডাম্পারচালক আবুল কাশেমকে গ্রেপ্তার করেন বনকর্মীরা।
অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত, বনকর্মী ইসমাইল, ইলিয়াস ও আলীসহ বন বিভাগের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ডাম্পার জব্দ ও চালককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ






