আনোয়ারা ট্রাজেডি: বাঁচানো যায়নি গর্ভের সন্তান, আইসিইউতে মা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সড়ক চত্বরে সংঘটিত হওয়া সড়ক দুর্ঘটনায় আহত এক অন্তঃসত্ত্বা নারীর সাত মাসের সন্তানের মৃত্যু হয়েছে। সেই মৃত সন্তানের মা কাউসার আক্তার বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে মৃত এক পুত্রসন্তান প্রসব করেন হতভাগী মা কাউসার আক্তার। পরে একই দিন দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতকের দাফন সম্পন্ন হয়। সন্তানকে দাফন করে শোকাহত স্বামী মোহাম্মদ আরিফ দ্রুত হাসপাতালে ছুটে যান।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে কাউসার আক্তার কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকার হন তিনি। তার সংসারে রাফি (১০) ও তাবাসসুম (৫) নামের দুই সন্তান রয়েছে। মায়ের আকস্মিক দুর্ঘটনায় দুই শিশুই এখন মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুণছে।

কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় তার পুত্রবধূর মাথায় গুরুতর আঘাত লাগে। এখনো তার জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম বার বার মাকে খুঁজছে। গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি, এখন পরিবারের একমাত্র চাওয়া কাউসার যেন সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় টানেল সড়ক মোড়ে অতিরিক্ত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি রিকশাকে চাপা দেয় বাসটি। ভয়াবহ এ দুর্ঘটনায় ইফা শীল ও পলি দত্ত নামের দুই নারী শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ৭ জনকে চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছানো হয় বলে আনোয়ারা মেডিকেল সুত্রে জানা যায়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top