আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

চাটগাঁ নিউজ ডেস্ক: অর্ধবার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করার লক্ষ্যে আজ বুধবার (১ জুলাই) সারাদেশে পালিত হচ্ছে ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে আজ বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কার্যক্রমও।

তবে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলো অর্ধবার্ষিক সমাপনী হিসাব প্রস্তুতের কাজ সম্পন্ন করে। এ সময় দেশের বিভিন্ন শাখার আর্থিক তথ্য সমন্বয় করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। কাজটি নির্বিঘ্নে শেষ করতে এদিন গ্রাহক লেনদেন বন্ধ রেখে অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়।

ফলে আজ কোনো ব্যাংক শাখা থেকে নগদ টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট কিংবা পে-অর্ডারের মতো সেবা পাওয়া যাবে না। তবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এবং বেশিরভাগ অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনও করা যাবে।

ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় শেয়ারবাজারের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট প্রক্রিয়া পরিচালনা সম্ভব না হওয়ায় ডিএসই ও সিএসইতেও আজ কোনো লেনদেন হবে না।

উল্লেখ্য, প্রতি বছর দুটি দিন—১ জুলাই ও ৩১ ডিসেম্বর—ব্যাংকগুলো অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব সমাপনের জন্য ব্যাংক হলিডে পালন করে। এ দুই দিনে গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ হিসাব-নিকাশের কাজ স্বাভাবিকভাবে চলতে থাকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top