আইভীর জামিন বহাল, মুক্তিতে আর আইনি বাধা নেই

চাটগাঁ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালতও বহাল রেখেছেন। ফলে তার জামিনে মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে ৩০ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ আইভীকে ওই দুটি মামলায় জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, চেম্বার আদালতের এ সিদ্ধান্তের ফলে তার জামিন কার্যকর থাকায় মুক্তিতে আর কোনো বাধা নেই।

মামলার ধারাবাহিকতায় জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন সময়ে হাইকোর্ট থেকে জামিন পেলেও সেগুলো আপিল বিভাগে স্থগিত হয়।

পরবর্তীতে চলতি বছরের মার্চ ও এপ্রিলে পৃথক দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

সবশেষে চলমান আইনি প্রক্রিয়ায় ১০টি মামলায় তার জামিন কার্যকর থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top