অর্থ আত্মসাত: নায়িকা পূজা চেরীর বাবা কারাগারে

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মিজানুর রহমান নামে এক ব্যক্তির করা প্রতারণার মামলায় গত ১৮ এপ্রিল তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি আদালতের আদেশে কারাগারে রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সাল থেকে দেবু প্রসাদ রায় চলচ্চিত্র প্রযোজনার নাম করে ভুক্তভোগী মিজানুর রহমান ও তার বন্ধুর কাছ থেকে বিভিন্ন দফায় টাকা ধার নেন। প্রথম দফায় ৫ কোটি ৫০ লাখ টাকা নগদ নেওয়ার পর ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালে স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা এবং বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চও তিনি বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করেন। সব মিলিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে দেবু প্রসাদ রায় নানাভাবে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে হুমকি প্রদান শুরু করেন। পূজা চেরীর সঙ্গে পূর্ব পরিচিতি ও সুসম্পর্ক থাকার কারণেই এই বিপুল পরিমাণ অর্থ বিশ্বাস করে দেওয়া হয়েছিল বলে জানান অভিযোগকারী।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানিয়েছেন, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং দাবিকৃত লেনদেনের সত্যতা যাচাইয়ে বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

বাবার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও মামলার বিষয়ে চিত্রনায়িকা পূজা চেরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। বিষয়টি তার পরিবারকেন্দ্রিক হলেও এর বিস্তারিত তথ্য তার জানা নেই বলে দাবি করেন তিনি। পুরো বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ায় থাকায় আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি মন্তব্য করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top