অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে আরও কঠোর ও জোরালো অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। একই সঙ্গে পুলিশের প্রতিটি সদস্যকে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সিএমপির জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

সভায় তিনি বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত ও ফলপ্রসূ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, জনসেবার মান উন্নয়নে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে কনস্টেবল মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে সনদ অর্জন করেন। এছাড়া ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ দলের খেলোয়াড় হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

কল্যাণ সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top