অধ্যাদেশ জারি : সৌরবিদ্যুৎ চুরি করলে তিন বছর কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : সৌরবিদ্যুৎ ও এর যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। এ ছাড়া সৌরবিদ্যুতের যন্ত্রাংশ বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা বিনষ্ট করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

সৌরবিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, উৎপাদন বাড়ানো এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়।

এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিসভা সচিব নাসিমুল গনি জানান, বাংলাদেশে সৌরবিদ্যুৎ দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এটি আরো বেশি অপরিহার্য হয়ে উঠেছে।

অধ্যাদেশে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় ও কৃষি-সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় প্রকল্প স্থাপন, ওপেক্স মডেলে অর্থায়ন, নেট-মিটারিং সুবিধা, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রাখা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করবে। এ কমিটি প্রতি মাসে জেলা কমিটির কাছে প্রতিবেদন দেবে।

অপরাধগুলোর বিচার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে করা যাবে। ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্টের মাধ্যমেও এসব অপরাধের বিচার করা যাবে।

অধ্যাদেশের অধীন সরল বিশ্বাসে কোনো কাজ করার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও এজন্য সরকার, উপযুক্ত কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা কিংবা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না।

অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, জলাশয় ও চা বাগানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।

এছাড়া, ভবন, পার্কিং লট, গ্যারেজ, বাণিজ্যিক ও শিল্প স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষি-সৌরবিদ্যুৎ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা’ হিসেবে গণ্য করা হবে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতাভুক্ত হবে না।

বিশেষ এই সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ওপেক্স মডেলকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে সার্ভিস প্রোভাইডারের নিজস্ব অর্থায়নে সৌর বিদ্যুৎ স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর, যেখানে উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির মাধ্যমে সমন্বয় করা হবে। তবে যাদের নিজস্ব তহবিল রয়েছে, তারা নিজস্ব অর্থায়নে অর্থাৎ ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top